কারাবাও কাপের ফাইনালের দৌড়ে এগিয়ে কোন দল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

ইংল্যান্ডের অন্যতম ফুটবল প্রতিযোগিতা কারাবাও কাপের সেমিফাইনাল এখন জমজমাট। একদিকে আর্সেনাল ও নিউক্যাসল মঙ্গলবার রাতে লড়বে এমিরেটস স্টেডিয়ামে। অন্যদিকে বুধবার টটেনহাম তাদের মাঠে স্বাগতিক সুবিধা নিয়ে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাবে। দুই দলই ফাইনালের স্বপ্ন দেখছে, তবে চোট ও নিষেধাজ্ঞার কারণে তাদের চ্যালেঞ্জ কঠিন হতে চলেছে।

প্রিমিয়ার লিগে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ১৩ ম্যাচের অপরাজিত রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। তবে মিকেল আরতেটার দল টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে। এবার তাদের লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। 

ইথান নোয়ানেরি, বুকায়ো সাকা এবং রাহিম স্টার্লিংয়ের চোটে তাদের আক্রমণভাগে বড় ধাক্কা লেগেছে। গ্যাব্রিয়েল মার্টিনেলি ডান প্রান্তে এবং লিয়ান্দ্রো ট্রসার্ড বাঁ প্রান্তে খেলতে পারেন। গ্যাব্রিয়েল জেসুসের জায়গা ধরে রাখা সম্ভাবনা থাকলেও কাই হাভার্টজের ফেরা দলকে কিছুটা শক্তি দেবে। ডিফেন্সে টকিহিরো তমিয়াসু এবং বেন হোয়াইটের অনুপস্থিতিতে জুরিয়েন টিম্বার দলে ফিরবেন। 

নিউক্যাসল দারুণ ফর্মে আছে। তারা টানা ছয় ম্যাচ জিতেছে এবং লিগে অ্যালেক্সান্ডার ইসাক দুর্দান্ত খেলছেন। তবে ব্রুনো গিমারাইস এবং ফ্যাবিয়ান শারের নিষেধাজ্ঞা তাদের পরিকল্পনায় বাধা তৈরি করেছে। 

টটেনহাম বর্তমানে নিজেদের মাঠে ছন্দে ফিরতে মরিয়া। তবে চোট ও অসুস্থতার কারণে দল গঠনে সমস্যায় পড়েছেন কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু। নতুন গোলরক্ষক আন্তোনিন কিনস্কি সম্ভবত তার অভিষেক ম্যাচ খেলবেন, যেখানে রক্ষণে ডেড স্পেন্স এবং আর্চি গ্রে নতুন জুটি হিসেবে দেখা যাবে। রিচার্লিসন এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নন। 

অন্যদিকে, লিভারপুলের কোচ আরনে স্লট তার দলের নির্ভরযোগ্যতার ওপর ভরসা করছেন। ইব্রাহিমা কোনাতে এবং কাওইমিন কেলেহার দলে ফিরছেন। ডারউইন নুনেজ আক্রমণে থাকবেন এবং তাদের বর্তমান অ্যাওয়ে রেকর্ড প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত