চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে টানা দুদিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণকাজ বন্ধ করেছে বিএসএফ। বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয়পক্ষের এ সমঝোতা হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বৈঠক শেষে সাংবাদিকদের জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের চৌকা সীমান্তের ১২শ গজ এলাকায় কোনও কাঁটাতারের বেড়া নেই। সীমান্ত পিলার ১৭৭/১ ও ২ এস এলাকায় ৫/৬ মাস আগে কাঁচা রাস্তা নির্মাণের পর সম্প্রতি সীমান্ত পিলার ঘেঁষে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করতে গেলে বিজিবি প্রতিবাদ করে।
প্রতিবাদের পর গেল সোমবার ও মঙ্গলবার দুই দফা বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি এই দুই বাহিনী। বুধবার বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোনো নির্মাণকাজ না করার বিষয়টি গুরুত্ব পায়। বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না হওয়া পর্যন্ত বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে মর্মে সমঝোতা হয়েছে।
উল্লেখ্য, চৌকা সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে গেল ৬ জানুয়ারি সীমান্তে বিজিবি ও বিএসএফের সদস্যদের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয়। এতে উত্তেজনা আরো বেড়ে যায়। সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয়। সর্বশেষ সীমান্ত পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চ্যাটজিপিটির নির্মাতার বিরুদ্ধে বোনের ধর্ষণ মামলা