নাশকতার মামলায় গয়েশ্বর, রিজভীসহ ১৭৩ জনকে অব্যাহতি 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

রমনা মডেল থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল৷ আজ বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম দীর্ঘদিন সাক্ষী না আসায় ফৌজদারী কার্যবিধি ২৬৫(ঙ) ধারা মতে তাদের অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে আছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেওয়ার পর বাসায় ফিরছিলেন। এ সময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে তৎকালীন রমনা থানার উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব-ইন্সপেক্টর মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন ২০২০ সালের ২৯ জানুয়ারি গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত