সিগনেচার হিসেবে থাকবে এমন কিছু কাজ করব

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ এএম

যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলতে পারবেন তিনি কতটা মিশুক এবং আড্ডাবাজ। হোক সেটা শুটিং সেট কিংবা বাসা, যেখানেই তিনি যান, সেখানেই যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। হাসি, আড্ডায় সবাইকে মাতোয়ারা করতে তার জুড়ি নেই। বলছিলাম জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের কথা।

অনেকটা সময় ছোট পর্দা দাপিয়ে বেড়িয়েছেন, এরপর ওটিটি এবং বড় পর্দাÑসব মাধ্যমেই নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। দুহাতে কুড়িয়েছেন প্রশংসা ও ভালোবাসা। নতুন বছরে নতুন কাজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। তার আগে কথা বলেছেন গেল বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে।

বিদায়ী বছরটা তার জন্য অনেকটা আনন্দের ছিল বলে জানান আব্দুন নূর সজল। বললেন, ‘সত্যি বলতে কাজের জায়গা থেকে এত এত বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি; আমি আপ্লুত। ২০২৩ সালে আমার যে কাজগুলো এসেছে সেই কাজগুলোর জন্য গত বছর বিভিন্ন মাধ্যমে স্বীকৃতি এবং পুরস্কার পেয়েছি। সেদিক থেকে বছরটা আমার জন্য বেশ ভালো ছিল। আরও বেশি ভালো লেগেছে যে দেশের বাইরে গিয়ে প্রবাসী বাঙালিদের কাছ থেকে নিজের কাজের জন্য সম্মাননা পাওয়াটা। আমরা সবাই জানি যে, প্রবাসীরা নিজ দেশের জন্য, পরিবারের জন্য কতটা কষ্ট করেন। দেশের বাইরে যখনই যাই এবং সেখানে যখন প্রবাসীদের কারও সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারি তাদের ভালোবাসা দেখে। এই ভালোবাসাগুলো অমূল্য। সব মিলিয়ে বলব, দারুণ কেটেছে। আর অপ্রাপ্তি বলতে সেভাবে কিছু নেই।’

এরপর নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে জনপ্রিয় এই তারকা বলেন, ‘আমরা তো প্রায় প্রতি বছরই কিছু না কিছু পরিকল্পনা করি। তার কিছু হয় আবার কিছু হয় না। তবে কাজ নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে এবার। যেহেতু এখন নাটক সেভাবে করি না, একদম ভালো কিছু না হলে। এখন সিনেমা নিয়েই প্ল্যান। গত দুই বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাকে আরও ছাড়িয়ে যেতে চাই। খুব সিলেক্টিভ এবং সিগনিফিকেন্ট কিছু করব। যে কাজগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং তারা পছন্দ করবে। সিগনেচার হিসেবে থাকবে এমন কিছু কাজ করব।’

এদিকে সজল জানালেন, বেশ কিছু সিনেমা নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে। শিগগিরই হয়তো কোনো নতুন প্রজেক্ট নিয়ে ঘোষণা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত