ঢাকার কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধার হওয়া এসব হনুমান বৃহস্পতিবার সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের পার্কের কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে। শুরু হয়েছে প্রাথমিক চিকিৎসাও।
এর আগে বুধবার ভোরে উদ্ধার করা হয় হনুমানগুলো। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। তাদের ১২ হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম সোহাগ (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অনিকা সাহা।
বন বিভাগ সূত্র জানায়, অভিযুক্তরা হনুমানগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, কোয়ারেন্টাইন কাল শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হনুমানগুলোকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। পার্কে আনা ৮টি হনুমানের মধ্যে ছয়টি প্রাপ্তবয়স্ক আর দুটি বাচ্চা।
দুই বছর পর নতুন প্রেসিডেন্ট পেল লেবানন