শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ: কারখানায় হামলা-ভাঙচুর, ব্যাপক সংঘর্ষ

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে ওঠার চেষ্টা করেন। আনসার রোড এলাকায় জড়ো হয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে টানা চার দিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এর জেরে মঙ্গলবার (২৪ নভেম্বর) কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। তাদের বাধায় অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই দিন সকালে দুই দফায় মহাসড়ক অবরোধের চেষ্টাও করেন শ্রমিকেরা। বিকেলে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় সব কারখানাতেই শ্রমিকেরা কাজে যোগ দেন। তখন শিল্পাঞ্চলের পরিস্থিতি ছিল শান্ত। তবে দুপুরের পর একদল শ্রমিক সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেন। তাঁরা কারখানা বন্ধের জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে কয়েকটি কারখানায় হামলার চেষ্টা ও ভাঙচুর চালানো হলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

দুপুরের দিকে পৌরসভার মাধখলা এলাকার ইশরাক স্পিনিং মিলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান একদল শ্রমিক। এ সময় কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তাঁরা পেছনের গেট দিয়ে বের হয়ে যান। একইভাবে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হ্যামস গার্মেন্টসেও হামলার ঘটনা ঘটে। মিছিল নিয়ে আসা শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে হামলা চালালে ভেতরে থাকা কর্মকর্তা ও শ্রমিকেরা পেছনের পকেট গেট দিয়ে বেরিয়ে যান।

এরপর লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে আশপাশের কারখানাগুলো বন্ধের চাপ দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় হ্যামস, ভিক্টোরিয়াসহ আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ভাংনাহাটি এলাকার ভিক্টোরিয়া গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মো. আল আমীন জানান, আশপাশে উত্তেজনা থাকায় বেলা ৩টার দিকে কারখানা ছুটি দেওয়া হয়েছে।

ইশরাক স্পিনিং মিলের নারী শ্রমিক খালেদা আক্তার বলেন, দুপুরে খাবারের বিরতির সময় একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কারখানায় ঢুকে ভাঙচুর চালান। এ সময় ভেতরে থাকা শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। যারা কারখানার কাছাকাছি থাকেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। অন্যরা ভেতরেই ছিলেন। হামলার সময় প্রাণ বাঁচাতে তাঁরা পেছনের গেট দিয়ে বের হন।

হ্যামস গার্মেন্টসের ডাইং বিভাগের শ্রমিক জিয়াউল ইসলাম বলেন, সকালে শান্ত পরিবেশে সবাই কাজে যোগ দিয়েছিলেন। দুপুরের পর বহিরাগত শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে কারখানার ফটকে আঘাত করতে থাকে। পরে পরিস্থিতি খারাপের দিকে গেলে কর্মকর্তা ও শ্রমিকেরা পেছনের ফটক দিয়ে বের হয়ে আসেন। তার ভাষ্য, কারখানার ভেতরে পরিবেশ শান্ত থাকলেও বহিরাগতরা অস্থিরতা তৈরি করছেন। শিল্প রক্ষায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কেওয়া ফখরুদ্দিন মোড়ের গাড়োপাড়া এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষের কারণে শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সংঘর্ষ চলার খবর পাওয়া যায়। আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে ওঠার চেষ্টা করেন। আনসার রোড এলাকায় জড়ো হয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, মঙ্গলবারও শ্রমিকেরা বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করেছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে অবরোধের চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। তিনি জানান, মঙ্গলবার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত