চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মহা বিপাকেই পড়েছে আফগানিস্তান। দেশটিতে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে পড়াশোনা, খেলাধুলা। চলছে নানারকম নির্যাতন। এর প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আফগানিস্তান ম্যাচ বর্জনের আহবান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি।
আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। ‘বি’ গ্রুপের ম্যাচে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে গেটন ম্যাকেঞ্জি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, আইসিসি এবং অন্যান্য দেশের ফেডারেশন মেয়েদের ক্রিকেটের বিষয়ে কী বার্তা দিতে চায়, সে বিষয়ে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলা উচিত কিনা- এটা আমার সিদ্ধান্তের বিষয় নয়। যদি এটা আমার সিদ্ধান্তের আওতায় থাকত, তাহলে খেলা হতো না।’
এর আগে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল যুক্তরাজ্যের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। এ বিষয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছিলেন, ‘ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। আফগানিস্তান যে নারীদের ক্রিকেট খেলতে দিচ্ছে না, সে কারণে ইসিবি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, সেটিই বেশি কার্যকর হবে।’
নারী নির্যাতন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক
তামিমের আচরণকে ‘লজ্জাজনক’ বললেন হেলস