বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব তৈরি হয়নি: ডা. তাহের

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনও ধরনের দূরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

আজ শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। সকল দলেই ইতিবাচক হবেন এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছে এবং জামায়াতের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। আমি মনে করি তারা এটি সঠিক কথা বলেছে।

এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামীসহ অন্যান্য দল তাদের সকলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব, বলেও উল্লেখ করেন তিনি।

পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে ভালো। বিশ্বের প্রায় ৬২-এর অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ রয়েছে। আমরা দেখেছি ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯ হাজার ভোটার পাওয়া ব্যক্তির মূল্য থাকে না। কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারা দেশে যে ভোট পায় সে ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একইসঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু। সেটাও সকলে ঐক্যমত হলে বিবেচনায় আনা যেতে পারে।

বাংলাদেশের তিন দিকে প্রতিবেশী দেশ ভারত। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহেল পররাষ্ট্রনীতি কি ধরনের হবে এমন প্রশ্নের জবাবে ড. তাহের বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশ করেছি এবং খুবই পরিষ্কার। আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক চাই। সমতা, অধিকার এবং আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের নীতি একই রকম।

জামায়াতের এই নেতা বলেন, মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাব, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার ও দখলের রাজনীতি নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি ইতিবাচক সুবাতাস ছড়িয়ে দিতে চাই।

শেখ হাসিনার সমালোচনা করে ডা. তাহের বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ইতিহাস কোনও জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশত্যাগ করিয়েছেন।

কর্মী সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও. আবুল হোসাইন।

সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত