ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য স্পিন নির্ভর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা পেয়েছেন সাজিদ খান ও আবরার আহমেদ। বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক পেসারকে, যার মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও আমের জামাল। এছাড়া তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিও আরও একটি সিরিজে বাইরে থাকছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজ থেকে পাকিস্তানের দলে আনা হয়েছে সাতটি পরিবর্তন। বাদ পড়েছেন আবদুল্লাহ শাফিক, চোটের কারণে নেই সাইম আইয়ুব ও হাসিবউল্লাহ।
স্কোয়াডে ফিরেছেন ইমাম-উল-হক, মোহাম্মদ হুরাইরা ও পেসার মোহাম্মদ আলি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী পেসার কাশিফ আলি। এছাড়া উইকেটকিপার হিসেবে রিজওয়ানের ব্যাকআপ হিসেবে হাসিবউল্লাহর জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন রোহাইল নাজির।
ইমাম-উল-হক সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পেসার মোহাম্মদ আলি খেলেছেন গত অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে, নতুন ডাক পাওয়া কাশিফ আলি এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট।
স্পিন বিভাগের দায়িত্ব থাকবে বাঁহাতি স্পিনার নোমান আলি, অফ স্পিনার সাজিদ খান ও লেগ স্পিনার আবরার আহমেদের কাঁধে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে থাকছেন সালমান আলি আগা।
ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের অক্টোবর সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন নোমান ও সাজিদ। ওই সিরিজে নোমান নিয়েছিলেন ২০ উইকেট, আর সাজিদ তুলে নেন ১৯ উইকেট। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও স্পিন নির্ভর পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান।
দলে নতুন সংযোজন কাশিফ আলি হলেও, বিশ্রামে রয়েছেন মূল স্কোয়াডের বেশ কয়েকজন পেসার। অন্যদিকে, ইনজুরির পর শাহিন শাহ আফ্রিদি এখনো পুরোপুরি সেরে না ওঠায় টেস্ট দলে জায়গা হয়নি তার। সাদা পোশাকের বাইরে থাকার সময় আরও দীর্ঘ হলো তার জন্য।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি মুলতানে। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি। স্পিনবান্ধব উইকেটকে কাজে লাগিয়ে সিরিজে জয়ের জন্য মরিয়া পাকিস্তান।
পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হাক, কামরান গুলাম, কাশিফ আলি, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা।
চ্যাম্পিয়নস ট্রফির দল: কে পূরণ করবেন শেষ স্থান?
সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল