হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম

ফিলিস্তিনের উত্তর গাজায় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় সেনা। গতকাল শনিবার  প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে।

নিহত চার সেনা হলেন- সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১), সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯), এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল সেনারদের ওপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়।

গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে। যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরাইলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিকমাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা (সেনারা) উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত