ফরিদপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ২

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

ফরিদপুরের নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনা কবলিত বাসের কন্টাকটার ছিল বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী ‘আলিম মিম’ নামের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। তখন বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ২০ যাত্রী।

ওসি জানান, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত