অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল প্রথম দিনে জয় পেয়েছেন ফেবারিটরা। নারী এককে শীর্ষ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা সহজেই জিতেছেন প্রথম রাউন্ডের ম্যাচ। গেলবার রানার্সআপ হওয়া কিনওয়েং ঝেংও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। পুরুষ এককে দ্বিতীয় বাছাই আলেকজান্দার ভেরেভও জিতেছেন সরাসরি সেটে।
গত ২৫ বছরের ইতিহাসে কোনো নারী টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। এবার সেই কীর্তি গড়ার সুযোগ রয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার সামনে। সাবালেঙ্কা ২০১৭ ইউএস ওপেনজয়ী সেøায়েনকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। নারী টেনিসের নাম্বার ওয়ান তারকা সাবালেঙ্কা ৭১ মিনিটে ম্যাচটি সরাসরি সেটে জিতে বলেন, ‘সম্ভবত আমি আমার সেরাটা খেলতে পারিনি। তবে খুশি যে সরসারি সেটে জিতেছি। এখানে ফিরে আসতে পেরে আমি খুশি। নিজের ঘর মনে হয়।’ মেলবোর্ন পার্কে এ নিয়ে টানা ১৭ সেট জিতলেন সাবালেঙ্কা। নারী এককে সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস। দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা মুখোমুখি হবেন স্পেনের জেসিকা মানেইরোর।
গেলবার অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে রনার্সআপ হয়েছিলেন চীনের কিনওয়েন ঝেং। গেল বছর পরে অলিম্পিকে জিতেছেন স্বর্ণ। তাই এবার টেনিসপ্রেমীদের বাড়তি নজর ঝেং-এর দিকে। রোমানিয়ার আনকা তোদোনি প্রথম সেটে দারুণ লড়াই করলেন। তবে ঝেং সেটি নিজের করে নেন ৭-৬ (৭/৩) গেমে। দ্বিতীয় সেটে ঝেং ৬-১ এ সহজেই জেতেন।
পুরুষ এককে জার্মান তারকা ভেরেভ ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের লুকাস পুইলিকে। ম্যাচটি জিতেছেন ২ ঘণ্টা ২০ মিনিটে। এবারের টুর্নামেন্টে নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজের সঙ্গে একই অর্ধে আছেন ভেরেভ। তাই সেমির আগে এই দুজনের মুখোমুখি হতে হবে না ভেরেভকে। ষষ্ঠ বাছাই ক্যাসপার রুডকে প্রথম রাউন্ডে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। স্প্যানিশ জাউমে মুনারের বিরদ্ধে রুড জিতেছেন পঞ্চম সেটে গিয়ে। রুড ৬-১, ১-৬, ৭-৫, ২-৬, ৬-১ গেমে হারান মুনারকে।
