রোয়াংছড়িতে খামারে যাওয়ার পথে নারী গুলিবিদ্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খামারে যাওয়ার পথে উমেপ্রু মারমা (৩৪) নামের এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রি পাড়ায় এ ঘটনা ঘটে বলে গুলিবিদ্ধ উমেপ্রু মারমার ভাই ক্যসিং নু মারমা সাংবাদিকদের জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন, সকালে উমেপ্রু হিমাগ্রীপাড়ার বাড়ি থেকে বের হয়ে খামারবাড়িতে যাচ্ছিলেন। সে সময় একটি গুলির আওয়াজ পাওয়া যায়। গুলির শব্দের সঙ্গে সঙ্গে উমেপ্রু মারমা মাটিতে লুটিয়ে পড়েন। তিনি তলপেটে গুলিবিদ্ধ হন এবং গুলি সামনে থেকে পেছন দিয়ে বের হয়ে যায়। তাকে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। 

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, হিমাগ্রী পাড়ায় এক মার্মা নারী সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি। কে বা কারা ঘটনা ঘটিয়েছেন এবং কেন তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি। হিমাগ্রীপাড়া বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের মুরুংবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) দিলীপ চৌধুরী বলেন, সোমবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের একজন নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের বাম পাশে সামনের অংশে গুলি লেগে পেছন দিক থেকে বেরিয়ে গেছে।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী বলেন, গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত