নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বুধবার সকালে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জের, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
তিনি আরও বলেন, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।