জোন্স-মানসির ‘সন্দেহজনক’ ব্যাটিংয়ের মানে বুঝতে পারছেন না জাকের!

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

বিপিএল মানেই যেন অদ্ভুতুড়ে সব কাণ্ড। নানারকম সন্দেহের উদ্রেক হওয়া। এতদিন বিশাল বিশাল ওয়াইড আর নো বল নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এবার সিলেট স্ট্রাইকার্সের দুই বিদেশি ক্রিকেটার অ্যারন জোন্স এবং জর্জ মানসির ব্যাটিং নিয়ে তৈরি হয়েছে সন্দেহের। এমনকী সিলেটের ব্যাটার জাকের আলীও বুঝতে পারছেন না, তার দলের দুই সতীর্থের মাথায় তখন কী চলছিল।

চিটাগং কিংসের ২০৩ রান তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়েছিল সিলেট। পাওয়ার প্লেতে ৩ উইকেটে তোলে ৪৬ রান। এরপর ৭ম থেকে ১১তম ওভার পর্যন্ত সিলেটের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২০ রান! সপ্তম থেকে নবম ওভারে একটাও বাউন্ডারি মারতে পারেননি যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স (১৫ বলে ১৮) আর স্কটল্যান্ডের জর্জ মানসি (৩৭ বলে ৫২ রানের)।

আশ্চর্যের বিষয় হলো, মানসি ঝড়ো ইনিংস খেললেও ওই পাঁচ ওভারে শট খেলার চেষ্টাই করেননি। ওই সময় ১৫ বল খেলে মাত্র ৭ রান করেন মানসি। তার শেষ ৩৯ রান আসে ১৪ বলে। ২০৩ রান তাড়া করতে নেমে এমন ধীরগতির ব্যাটিং নিয়ে কৌতুহল জাগাটা খুবই স্বাভাবিক। ম্যাচ শেষে জাকের আলীও অকপটে স্বীকার করেন তার দুই সতীর্থের অদ্ভুতুড়ে ব্যাটিং নিয়ে দলের সবাই বিস্মিত।

সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমি আসতে আসতে মিনহাজ ভাইয়ের সঙ্গে (সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার) কথা বলছিলাম যে, ওদের মাইন্ডে কী চলছিল, ওরাই জানে। আমরা ওটাই বলছিলাম, আলোচনা করছিলাম যে ওখানে একটু ঘাটতি হয়ে গেছে। ওই জায়গায়টায় যদি ১০-১৫ রান বেশি আসতো, তাহলে প্রায় চলেই আসছিল (নাগালে)।’

২৩ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলা জাকের যখন ক্রিজে যান, তখন ৯.৩ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১৪১ রান। এই সমীকরণ মেলানো যে অসম্ভব ছিল সেটাও বলেন জাকের, ‘হ্যাঁ, একটু আউট অব রিচ হয়ে গেছে। তখন তো প্রায় ১৫-তে চলে গেছে (ওভারপ্রতি প্রয়োজনীয় রান) । আসলে টপ অর্ডার থেকে আরেকটু দ্রুত খেলতে পারলে হয়তো ভালো হতো। প্রতিদিন তো টপ অর্ডাররা ভালো করছে, একটা দিন হয়তো তারা পারেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত