খিলক্ষেতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

রাজধানীর খিলক্ষেতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাউসার দেওয়ান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ভাতিজা কবির দেওয়ান (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। 

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির জানান, দুপুরে খিলক্ষেত এলাকার বরুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কাউসার। এ ঘটনায় কবির দেওয়ান নামে একজন আহত হয়েছেন। কাউসারের লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে। বিস্তারিত জানতে কাজ চলছে।

নিহত কাউসার দেওয়ানের চাচাতো ভাই মোবারক হোসেন দেওয়ান জানান, তাদের বাড়ি খিলক্ষেত বরুরা উত্তরপাড়ায়। নিহত কাউসার দেওয়ান ও আহত কবির দেওয়ান দুজন স্বদেশ প্রোপার্টির নিরাপত্তাকর্মী। বরুরা এলাকায় একটি ফাঁকা জায়গায় বালু ভরাটের কাজ চলছে। রোববার বিকালে সেখানে আশিয়ান সিটির লোকজন এসে বালুর বস্তা নষ্ট করে দেয়। সোমবার আবার ১৫ থেকে ২০ জনের একটি দল জায়গা দখল করতে আসে। এ সময় কাউসার ও কবির বাধা দিলে তাদের কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে তাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত