বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নেই : নায়েবে আমির

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ এএম

বিএনপির সঙ্গে জামায়াতের তেমন কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াত ও বিএনপি জাতির কল্যাণে একসঙ্গে কাজ করবে। গতকাল সোমবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।

নায়েবে আমির তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে কোনো বিরোধ অনুভব করে না। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে তিনি বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। ব্রাজিল যেসব পণ্য রপ্তানি করে, সেগুলো কীভাবে পাঠাতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য ও গার্মেন্টস পণ্য কীভাবে রপ্তানি করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত