টেনিসে ‘নতুন তারকা’ জোয়াও ফনসেকা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই  নবম বাছাই আন্দ্রে রুবলেভকে বিদায় করে চমকে দিয়েছেন  বিশ্ব র‌্যাংকিংয়ে ১১২ নম্বর স্থানে থাকা ব্রাজিলের জোয়াও ফনসেকা। ফনসেকা ৭-৬ (৭/১), ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন রুবলেভকে। ২০১৯ সালের পর এই প্রথম রুবলেভ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। ফনসেকা এবার অস্ট্রেলিয়ান ওপেনে বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে এসেছেন। ম্যাচটি জিততে ফনসেকা সময় নিয়েছেন দুই ঘণ্টার একটু বেশি। ১৮ বছরের ফনসেকা দারুণ কিছু ফোরহ্যান্ড মারেন। তার একটি ফোরহ্যান্ডে টেনিস বলের গতি ছিল ঘণ্টায় ১৮১ কিলোমিটার, যা এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির ফোরহ্যান্ড শট। এক সংবাদমাধ্যম ফনসেকার জয়ে শিরোনাম করেছে মেলবোর্নে নতুন তারকার জন্ম হয়েছে।

আর তা বলাই যায়। ২০২৪ সালে এটিপি র‌্যাংকিংয়ে ৭৩০ নম্বরে ছিলেন ফনসেকা। বছর শেষ করেন ১৫০-এর ভেতর ঢুকে। টুর্নামেন্ট শুরু করেন ১১২ নম্বরে থেকে। ১৯৭৩ সালের পর ফনসেকা দ্বিতীয় নবাগত যিনি কোনো গ্র্যান্ড সø্যামের প্রথম ম্যাচে শীর্ষ দশ র‌্যাংকিংয়ের কাউকে হারালেন। ফনসেকা বলেন, ‘আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছিলাম। এই প্রথমবার আমি এমন বড় টেনিস স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছি। আমি গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকদের ধন্যবাদ দিতে চাই। বেশ কিছু ব্রাজিলিয়ানও ছিল, যারা আমার জন্য এসেছে! আমি লক্ষ্য রাখার চেষ্টা করেছি (বড় ম্যাচে) চাপ যেন আমার ওপর ভর না করে। দর্শকদের বলছিলাম আমাকে সাহায্য করতে। গুরুত্বপূর্ণ সময়ে আমি ভালো খেলেছি। সেটা পার্থক্য গড়ে দিয়েছে।’ তিনি ২০ বারের গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। ‘‘রজার যেমন বলে: ‘প্রতিভা যথেষ্ট নয়।’ ... তাই আমি অনেক পরিশ্রম করেছি,” ফনসেকা বলেন। ‘শুধু আমি এবং আমার দল জানে এটি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত