যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন। তার এই অভিষেক ঘিরে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
গড়ে তোলা হচ্ছে ৩০ মাইল (৪৮ কিমি) লম্বা কালো অস্থায়ী বেষ্টনি, মোতায়েন হচ্ছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা। অভিষেক অনুষ্ঠানে যে শত সহস্র দর্শকশ্রোতা আসবেন তাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সিঁড়িতে আগামী সপ্তাহে সোমবার ট্রাম্প শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে যাত্রা করবেন। তার আগে দিয়ে এ সপ্তাহান্তে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা এরই মধ্যে ঘটেছে। ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ করেছে। রিপাবলিকানদের সমর্থকরা সমাবেশ করেছে।
তাছাড়া, খোদ ডোনাল্ড ট্রাম্পও গতবছর নির্বাচনি প্রচারের সময় থেকেই হামলার হুমকির মুখে আছেন। তাকে হত্যার চেষ্টা চলেছে একাধিকবার। গতবছর ১৩ জুলাইয়ে আততায়ীর বুলেট থেকে কোনওরকমে প্রাণে রক্ষা পান তিনি। তার ডানকান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। আরেকবার গলফ ক্লাবে তাকে হত্যার জন্য ওঁত পেতে থাকা আততায়ী ধরা পড়ে যাওয়ায় বেঁচে যান ট্রাম্প।
এবারে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে কোনও সুনির্দিষ্ট বা সমন্বিত হুমকি আছে কিনা সে সম্পর্কে কিছু জানেন না বলেই জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে তারা বলছেন, কোনও আততায়ীর একক হামলার আশঙ্কাতেই মূলত তারা উদ্বিগ্ন। তাই এই ব্যবস্থা।
নতুন সমীকরণে লেবানন