নারীপণ্যে ছাড় বেশি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ এএম

এবারের বাণিজ্য মেলার অর্ধেক প্রায় শেষ। শুরুর দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও এখন পাল্টেছে চিত্র। বিভিন্ন স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতার সংখ্যা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে নারীদের পণ্যে ছাড়ও বেশি দিচ্ছেন তারা। গতকাল বুধবার সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি ও পোশাকের স্টলে।

সরেজমিনে দেখা গেছে, বিকেল থেকেই মেলায় ভিড় বাড়তে শুরু করে। মেলা উপলক্ষে পূর্বাচল সেজেছে অপরূপ রূপে। স্টলগুলোতে লাল, নীল, হলুদ বাতিসহ নানা রঙ-বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। মেলায় সবচেয়ে বেশি গৃহস্থালি ও নারীদের ব্যবহারের পণ্য। গতকাল মেলায় বেশি ভিড় দেখা গেছে আইসক্রিম, কাপড় ও গৃহস্থালি পণ্যের স্টলে। এ ছাড়া মেলার শিশু পার্কেও ছিল ভিড়।

ব্যবসায়ীরা জানান, ছুটির দিন না হওয়ার পরও প্রত্যাশার চেয়ে তিনগুণ ক্রেতা-দর্শনার্থীর সমাগম হয়। পুরুষের ব্যবহারের পণ্যের স্টলের চেয়ে নারীদের পণ্যের স্টল বেশি। থ্রি-পিস, শাড়ি, শাল, প্রসাধনী, গৃহস্থালি পণ্যের সমাহার। এ কারণে পুরুষের চেয়ে নারী ক্রেতার সংখ্যাও অনেক বেশি। বিক্রিও ভালো হচ্ছে।

মাসুম নামে এক জুতা ব্যবসায়ী বলেন, পুরুষের জুতার চেয়ে মেলায় নারীদের জুতা বেশি বিক্রি হচ্ছে। কয়েকদিন পর বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।

কাশ্মীরি ব্যবসায়ী আজান বলেন, আমরা প্রতি বছরই কাশ্মীরি চাদর, থ্রি-পিসসহ নানা পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করি; যার মধ্যে বেশিরভাগই মেয়েদের জন্য তৈরি। এ কারণে আমাদের স্টলে মেয়ে ক্রেতা অনেক বেশি।  

একটি ফার্নিচার কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকাশ আহমেদ বলেন, মেলায় স্ত্রীরা তার স্বামীকে নিয়ে এসে ফার্নিচার পছন্দ করে নিয়ে যাচ্ছেন। কেউ ফার্নিচার কিনলে আমরা ফ্রি ডেলিভারিতে বাড়িতে পৌঁছে দিই।

‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ প্যাভিলিয়নের ইনচার্জ বাপ্পী চৌধুরী বলেন, ‘আমাদের স্টলে নারীদের পণ্যই বিক্রি হয়। প্রতি বছরই মেলায় অংশগ্রহণ করি। অন্যান্য বারের চেয়ে পূর্বাচলের মেলার অনেক বেশি গোছানো হয়েছে। আমাদের কোম্পানি বিক্রির চেয়ে পণ্য ব্র্যান্ডিংকে বেশি গুরুত্ব দিতে মেলায় অংশগ্রহণ করে। মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের সব পণ্যে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

বরপা থেকে আসা ইমদাদুল হক দুলাল নামে এক ব্যক্তি বলেন, চতুর্থবারের মতো পূর্বাচলে মেলার আসর বসেছে। আমি এবারই প্রথম স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। গৃহস্থালি পণ্য কিনেছি। রাজধানীর খিলক্ষেত থেকে আসা নাজমা আক্তার বলেন, আমি স্বামীকে নিয়ে ঘুরতে এসেছি। মেলায় কী কী পণ্য পাওয়া যাচ্ছে, তা-ই ঘুরে ঘুরে দেখছি।

মেলার ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের হেড অব অপারেশন আমিনুল ইসলাম বলেন, দর্শনার্থীদের আগমনে মেলা পুরোপুরি জমে উঠেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, মেলায় ক্রেতা বাড়ায় ব্যবসায়ীরা অনেক খুশি। দর্শনার্থীদের নিরাপত্তায় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর রেখেছি। এ ছাড়া ক্রেতা-দর্শনার্থীদের কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত