লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানের সময় সিএনজি চালকদের হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ ৭০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়েছে। ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সদর থানায় এই মামলা করেন। পরে পুলিশ এই মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এর আগে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল হোসেন (৩৫), সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১). জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন (২১) ও কামাল মোল্লা (৫০)। তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘পুলিশের ওপর হামলা-মারধর ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে গত বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ি মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় কয়েকটি সিএনজির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে তিন পুলিশ সদস্য আহত হয়।
