আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ এএম

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসব নৌরুটে ফেরি বন্ধ থাকায় যাত্রী ও শ্রমিকদের শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। 

বিআইডব্লিউটিসি আরিচা অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। গভীর রাতে কুয়াশা আরও ঘন হয়ে যাওয়ায় রাত ৩টা থেকে আরিচা-কাজিরহাট এবং শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় বেশ কয়েকটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। ফেরি শাহ আলী, ধানসিড়ি, যমুনা, ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী, বনলতা, হামিদুর রহমান ও চিত্রা আরিচা ও দৌলতদিয়া ঘাটে অবস্থান করছে।

এদিকে সাপ্তাহিক বন্ধের দিন এবং দীর্ঘক্ষণ দুটি গুরুত্বপূর্ণ নৌরুটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। এতে দূরপাল্লার যানবাহন ও কাচা পণ্যবাহী ট্রাক চালকদের ভোগান্তি বেশি হচ্ছে। তাছাড়া শিশু ও নারী যাত্রীরা রয়েছেন বিপাকে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম সালাম হোসাইন জানান, ঘনকুয়াশার কারণে নৌপথের দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত