টানা অষ্টম জয়ে শীর্ষে মোহামেডান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে সাদাকালোরা। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ১২ মিনিটে জুয়েলের দারুণ পাস থেকে বল পেয়ে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। ডান পায়ের নিচু শটে ব্রাদার্সের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলামকে পরাস্ত করেন তিনি। এরপর চেষ্টা করেও গোল ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ব্রাদার্স, কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ১৬, এক ম্যাচ কম খেলেছে তারা। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে তিনে এবং ১৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স চতুর্থ স্থানে রয়েছে।

দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী অবশেষে লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ৫৫ মিনিটে স্বাধীনের পাস থেকে মোরশেদ দলের একমাত্র এবং মহামূল্যবান গোলটি করেন। এই জয়ে চট্টগ্রাম আবাহনী টানা সাত ম্যাচ পর পয়েন্টের দেখা পেল। পুলিশের এটি আট ম্যাচে পঞ্চম হার।

দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। লিগে এটি ফকিরেরপুলের দ্বিতীয় জয়।

লিগ টেবিল:

১. মোহামেডান - ২৪ পয়েন্ট (৮ ম্যাচ)

২. আবাহনী - ১৬ পয়েন্ট (৭ ম্যাচ)

৩. রহমতগঞ্জ - ১৫ পয়েন্ট (৮ ম্যাচ)

৪. ব্রাদার্স - ১৪ পয়েন্ট (৮ ম্যাচ)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত