দাবানলের সুযোগে চুরি হলো ২১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী শ্রাইভার যত অর্জন!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে অসংখ্য মানুষ সর্বস্ব হারিয়েছেন। তাদের মাঝে একজন সাবেক টেনিস খেলোয়াড় পাম শ্রাইভার। ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের সবকিছু অবশ্য আগুন গ্রাস করেনি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং পদক চুরি হয়ে গেছে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে। চুরি হয়ে গেছে গাড়িটিও। সব হারিয়ে শ্রিভারের এখন মাথায় হাত।

দাবানলের কারণে শহরের বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চার দিকে শুধু ছাই। প্রায় জনশূন্য বিস্তীর্ণ এলাকা। অসংখ্য বাড়ির পোড়া কঙ্কাল বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। বহু মানুষের মতো লস অ্যাঞ্জেসেলের বাড়ি বন্ধ করে চলে যেতে বাধ্য হন শ্রাইভার। এই সুযোগটাই নিচ্ছে চোর-ডাকাতরা। ফাঁকা বাড়িগুলোতে চলছে অবাধ লুটপাট। তেমনই এক ঘটনার শিকার হয়েছেন সাবেক টেনিস খেলোয়াড়।

শ্রাইভার বলেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিতে বাড়িতে ফিরে এসেছিলাম। গাড়িতে ইউএস ওপেনের পাঁচটি ট্রফি, ফরাসি ওপেনের পাঁচটা প্লেট, উইম্বলডনের পাঁচটি ট্রফি, অস্ট্রেলিয়ান ওপেনের একটি ট্রফি এবং টেনিস হল অফ ফেম ট্রফি রেখে আরও কিছু জিনিস রাখতে বাড়ির ভেতর ঢুকেছিলাম। সেগুলো রেখে বাইরে গিয়ে দেখি গাড়িটাই কেউ চুরি করে নিয়ে গেছে! গাড়ির মধ্যে থাকা সবকিছু চুরি হয়ে গেছে!’

সব মিলিয়ে ১৭টি গুরুত্বপূর্ণ ট্রফি হারিয়ে অত্যন্ত হতাশ শ্রাইভার। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি দেখে আরও মর্মাহত ৬২ বছরের সাবেক খেলোয়াড় বলেছেন, ‘বহু মানুষ জীবনের কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকের প্রচুর ক্ষতি হয়ে গেছে। সব দেখে খুব কষ্ট হচ্ছে।’

১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত পেশাদার টেনিস খেলেছেন শ্রাইভার। তাকে সর্বকালের অন্যতম ডাবলস খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ২১ বার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি ১৯৮৮ সালে জিতেছেন অলিম্পিক সোনা। ১০ বার চ্যাম্পিয়ন হয়েছেন ট্যুর ফাইনালে। দুই বার ফেড কাপজয়ী আমেরিকা দলের সদস্য ছিলেন। এই টুর্নামেন্টে ২০টি ম্যাচ খেলে তিনি ১৯টিতেই জিতেছিলেন। ১৯৮৪ সালে চারটি গ্র্যান্ড স্লামের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০২ সালে তাকে ‘টেনিস হল অফ ফেম’ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত