ভারতীয় ক্রিকেটে বেশ কদিন ধরেই আলোচনা হচ্ছিল বিরাট কোহলির এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফেরা নিয়ে। তবে সেই প্রত্যাবর্তনের অপেক্ষা এবার আরও দীর্ঘ হলো। ঘাড়ের চোট থেকে এখনও সেরে না ওঠায় কোহলি রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে দিল্লির হয়ে খেলতে পারছেন না। একই কারণে মাঠের বাইরে থাকছেন কর্ণাটকের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল।
কোহলি বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগকে জানিয়েছেন, ঘাড়ের সমস্যা পুরোপুরি কাটেনি। জানা গেছে, গত ৮ জানুয়ারি তিনি ইনজেকশন নিয়েছিলেন। তবে এখনো ব্যথা অনুভব করায় সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই ব্যাটিং গ্রেট।
অন্যদিকে, কনুইয়ের চোটের কারণে কর্ণাটকের হয়ে পাঞ্জাবের বিপক্ষে খেলতে পারবেন না লোকেশ রাহুল। যদিও ৩০ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির আরেকটি রাউন্ডে খেলার সুযোগ থাকছে, তবে সেটিও অনিশ্চিত। কারণ ওই সময় ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে।
ঘরোয়া ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের অনাগ্রহ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ৩-১ ব্যবধানে হার ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে হোয়াইটওয়াশের পর, বোর্ড সবার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার পর থেকেই কোহলি ও রাহুলের রঞ্জি ট্রফিতে খেলার আলোচনা শুরু হয়।
কিন্তু কোহলি সবশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। তখন দিল্লি দলের নেতৃত্বে ছিলেন ভিরেন্দর শেবাগ, খেলেছিলেন গৌতম গম্ভীর ও আশিস নেহরার মতো তারকারা। টেস্টের বাইরে কোহলি সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১৫ সালে, ভারতীয় ‘এ’ দলের হয়ে।
এদিকে, টেস্ট দলের নিয়মিত সদস্যদের মধ্যে রিশাভ পান্ত (দিল্লি), রাভিন্দ্রা জাদেজা (সৌরাষ্ট্র) এবং শুবমান গিল (পাঞ্জাব) নিশ্চিত করেছেন রঞ্জি ট্রফির এই রাউন্ডে তাদের অংশগ্রহণ।
চোটে ভুগলেও কোহলি ও রাহুল দুজনই ইংল্যান্ড সিরিজের দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। স্কোয়াড ঘোষণা করা হবে শনিবার।
