সাইফের ভুল ছবি পোস্ট, কটাক্ষের শিকার শত্রুঘ্ন সিনহা! 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

ছুরিকাঘাত কাণ্ডে এখনও হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলি খান। হাঁটাচলা বন্ধ। আপাতত কিছুদিন বিশ্রামেই থাকতে হবে তাকে। সকাল-সন্ধ্যা কারিনা কাপুর খান হাসপাতালে যাচ্ছেন স্বামীর সঙ্গে দেখা করতে। 

এসবের মাঝেই সাইফের প্রতি উদ্বেগ প্রকাশ করতে গিয়ে ভুল করে বসলেন বর্ষীয়ান অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা। সমাজমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।  

হাসপাতালের বিছানায় হাসিমুখে শুয়ে সাইফ, পাশে বসে আছেন কারিনা। শত্রুঘ্ন সাইফ-কারিনার এমনই একটি ছবি পোস্ট করে নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়ে লেখেন, ‘যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না। তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের পৌত্রী কারিনার প্রতি।’ 

শত্রুঘ্ন এই পোস্টের শেষে সংযোজন করেন, ‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জলঘোলা করবে না।’ 

সব কিছুই ঠিক ছিল, কিন্ত গন্ডগোল বাধল শত্রুঘ্নের পোস্ট করা ছবিতে। অভিনেতা এআই দ্বারা নির্মিত সাইফ-কারিনার ছবি পোস্ট করেছেন। তা-ও আবার হাসপাতালের বিছানায় শোয়া সাইফ। নেটগরিকেরা এমন ছবি দেখে অভিনেতার ওপর বিরক্ত হয়েছেন। 

তাদের দাবি, “এমন নকল ছবি দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে?” যদিও এ প্রসঙ্গে এখনও পাল্টা কোনও মন্তব্য করেননি অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত