টিকটক বন্ধ হওয়ায় মন খারাপ কোকো গফের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

টিকটক অ্যাপ বর্তমানে বেশ জনপ্রিয়। তবে যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় রবিবার বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং এই অ্যাপটি। টিকটক বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন দেশটির টেনিস তারকা কোকো গফ।

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন গফ। চতুর্থ রাউন্ডের ম্যাচে বেলিন্দা বেনচিচকে ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে হারানোর পর টেলিভিশন ক্যামেরায় টিকটকের জন্য 'শোকবার্তা' লেখেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

ম্যাচ শেষে টিভি ক্যামেরার লেন্সে মার্কার দিয়ে গফ লেখেন, ‘RIP TIKTOK USA অর্থাৎ শান্তিতে ঘুমাও টিকটক ইউএসএ।' লেখার সঙ্গে মন খারাপের একটি ও প্রতীকও এঁকে দেন ২০ বছর বয়সী এই টেনিস তারকা।

বেনচিচের সঙ্গে গফের ম্যাচটি শেষ হওয়ার কিছু সময় আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ হয়। পরে চেষ্টা করেও আর নিজের টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারেননি মার্কিন নাগরিক গফ।

গফ টিকটকে আছেন বহু আগে থেকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গফ জানান, অস্ট্রেলিয়ায় থাকায় তিনি ভেবেছিলেন টিকটকে ঢুকতে পারবেন। তবে পারেননি। তিনি অ্যাপটি তখন থেকে ব্যবহার করছেন যখন এই অ্যাপটিকে ডাকা হত মিউজিক্যাল ডট লি।

টিকটক বন্ধ করে দেওয়ায় কষ্টে পেলেও এই সিদ্ধান্তের ভালো দিক খুঁজে পেয়েছেন গফ। তিনি বলেন, 'আমার ধারণা এটা (বন্ধ করা) আরও বেশি বই পড়তে বাধ্য করবে। আরও বেশি কর্মক্ষম মানুষ বানাবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত