ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে সুদানের নারী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে এক সুদানের নাগরিককে আটকের খবর জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে এসলাম (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নিজকালিকাপুর বিওপির টহল দল পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে এসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাকে পরশুরাম থানায় হস্তান্তর করে বিজিবি।

ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সতর্ক অবস্থায় আছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির সদস্যরা সুদানের নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত