আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের যাবজ্জীবন, নাখোশ ভুক্তভোগীর পরিবার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) কলকাতার শিয়ালদহের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন।

গত বছর বহুল আলোচিত এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ও চিকিৎসক ধর্মঘট পালিত হয়েছিল। মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় হাসপাতালের সিভিক স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন। নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আদালতের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হত্যাকাণ্ডের শিকার চিকিৎসকের পরিবার। তারা এই সাজা শুনে মর্মাহত হয়েছেন। খুনির ফাঁসি আশা করেছিলেন তিনি। পরিবারটি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস বলেন, মামলাটি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার যোগ্য নয়। কারণ এটি সবচেয়ে বিরল মামলাগুলোর মধ্যে বিরল নয়। আদেশে তিনি বলেন, সঞ্জয় রায়কে তার জীবন কারাগারেই কাটাতে হবে।

আরজি কর কাণ্ডে রাজনৈতিক দলগুলোর অনেক নেতা-নেত্রী দোষীর ফাঁসি চেয়েছিলেন। সেটি না-হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনীতিকেরা।

ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ৫০ হাজার রুপি জরিমানাও করেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত