যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকানদলীয় ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে তিনি শপথ নেন। এরপরই ট্রাম্প তার উদ্বোধনী ভাষণ প্রদান করেন।

ক্রিস্টোফার ম্যাকিওর ‘ওহ, আমেরিকা’ গানের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও। ছিলেন বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেন এবং সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফসহ বিদায়ী প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

অনুষ্ঠানে যোগদানের আগে হোয়াইট হাউসে চা পান ও বৈঠক করেন বাইডেন ও ট্রাম্প। এরপর তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি লিমোজিনে চড়ে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছান। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউসের উত্তর পোর্টিকোতে ডোনাল্ড ট্রাম্পকে ‘ওয়েলকাম হোম’ বলে স্বাগত জানান প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে প্রবেশের আগে সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করলেও কোনো প্রেসিডেন্টই উত্তর দেননি। আজ প্রথমবারের মতো এই জুটির দেখা হয়েছে।

নির্বাহী ক্ষমতার সীমা বাড়ানো, লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার, রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত