যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথ নেন।
শপথের সময় তার ডান হাত শূন্যে, বাইবেলের উপরে ছিল বাঁ হাত। তবে একটি নয়, দু’টি বাইবেলের উপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন ট্রাম্প। কেন জানেন?
জানা গেছে, এর মধ্যে একটি বাইবেল ব্যবহার হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন সেটি।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের উপর হাত রেখে শপথগ্রহণ।
তবে ট্রাম্পই প্রথম নন। আমেরিকার অন্য প্রেসিডেন্টরাও দু’টি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এই তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা।
লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছয়নি।
অন্যদিকে, ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তার মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাশ করার পর ট্রাম্প মায়ের থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের উপর তার নাম খোদাই করা রয়েছে। ভেতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।
