ময়মনসিংহ

পিস্তলসহ ছাত্রদল নেতা আটক, ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

ময়মনসিংহে ছাত্রদলের এক নেতাকে বিদেশি পিস্তলসহ আটকের পর পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন এক উপপরিদর্শক (এসআই)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব (৩০)।

পুলিশ জানায়, তাকে ধরার জন্য সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় মো. বুলবুল আহমেদকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজনসহ ২০০ থেকে ২৫০ সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা ও লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় দুটি মাইক্রোবাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক আরও একটি মামলা হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় ছাত্রদল নেতা বুলবুল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। 

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, রিমান্ড আবেদন করে মঙ্গলবার বুলবুল আহমেদকে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত