শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে ডিএমপি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম

অভ্যুত্থান পরবর্তী সময়ে কারামুক্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়েছেন। বের হওয়ার পরই নানা ধরনের অপরাধ, অপকর্মসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়ানোর তথ্য পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা ধরনের অপকর্মে জড়াচ্ছে। আমরা জামিন বাতিলের জন্য আবেদন করব।’

তিনি আরো বলেন, ‘দেখছি, কদিন আগেও দেখলাম বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিম জামিন পেয়েছেন। পত্রিকায় নিয়মিত খবর হচ্ছে সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছেন। নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে। আমরা পেলেই ধরে ফেলব। কাউকে ছাড়  দেব না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের জন্য আবেদন করব।’

খুনের ঘটনাকে যদি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে মিলিয়ে সংবাদ পরিবেশন করা হয় তাহলে তা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার  শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আমাদের সবার দায়িত্ব আছে। আমরা চাই বস্তুনিষ্ঠ সত্য সংবাদটা প্রকাশ পাক। খুনের ঘটনা কিন্তু সব ছিনতাইকারীদের হাতে হচ্ছে না। হাজারো কারণ আছে খুনের। তারমধ্যে হয়তো একটা কারণ ছিনতাই। গুন্ডাপান্ডা বা অপরাধীদের নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে মৃত্যুর ঘটনাও ঘটছে।’ শীর্ষ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম ও তাদের ওপরে পুলিশের আদৌ কোনো নজরদারি আছে কি-না? জানতে চাইলে নিজে পুলিশে কর্মরত থাকাকালে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের কথা স্মরণ করে দিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক রয়েছে ডিএমপি। আদালত কর্তৃক জামিনে জেল থেকে  বের হয়েছে। তাদের প্রতি নজরদারি রাখা হচ্ছে। দীর্ঘ সময় জেলে থাকার পরও তাদের মধ্যে কোনো সংশোধন নেই, এটা খুবই দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত