চিপস কিনতে গিয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু, উত্তাল বিএম কলেজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

বরিশাল নগরীর বিএম কলেজের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল মাওয়া পটুয়াখালী সদর উপজেলার মো. নিজাম উদ্দিনের মেয়ে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জান্নাত তার দুলাভাইয়ের বাসায় বেড়াতে এসে চিপস কিনতে দোকানে গিয়েছিল। চিপস নিয়ে ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে দুর্ঘটনার পর দুপুর ৩টা থেকে বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা নিরাপদ সড়কের দাবি জানিয়ে সাত দফা দাবি উত্থাপন করেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয় এবং অবৈধ যান চলাচল বন্ধের দাবি তোলে। তাদের প্রতিবাদের কারণে বিএম কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, বেপরোয়া গতির অটোরিকশা চালকের কারণে বিএম কলেজের সামনের সড়কে ১০ বছরের শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এ জায়গায় একত্রিত হয়েছি।

তিনি বলেন, আমরা শিশু হত্যার বিচারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই। এছাড়া আমাদের কিছু দাবি রয়েছে, যেগুলো হলো-২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী অটো ড্রাইভারকে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসের সামনে সকল ফুটপাত দখলমুক্ত করতে হবে। ক্লাস চলাকালীন কলেজের সামনের রাস্তা ব্যতীত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। নথুল্লাবাদ থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করতে হবে এবং এ সড়কে নির্দিষ্ট দূরত্ব পরপর গতিরোধক ও ডিভাইডারের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে কলেজের সামনে কোনো চাঁদাবাজ কর্তৃক ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো বন্ধ করার নিশ্চিয়তা প্রশাসনকে দিতে হবে। আমাদের এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, বিএম কলেজ ছাড়াও এখানে অশ্বিনী কুমার শিশু নিকেতন, কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর সামনের সড়কে যদি চলাচলে কোন নিয়ম না থাকে তাহলে খুব দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত