টানটান উত্তেজনা ভরা ও পারিবারিক বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র সম্প্রচার শুরু হচ্ছে ২৭ জানুয়ারি থেকে। বহুল-প্রতীক্ষিত ফ্যামিলি গেম শোয়ের সঞ্চালক হিসেবে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এ নিয়ে গতকাল বুধবার রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তাহসান খান বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্ট করতে পেরে অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই ও পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।’
‘ফ্যামিলি ফিউড’ বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার সুযোগ থাকছে। থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট।
আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা।
