সেভ দ্য চিলড্রেনের কর্মশালা

প্রতিবছর ৪ শতাংশ হারে বাড়ছে ভূমিধস

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

দেশের অন্যান্য সব প্রাকৃতিক দুর্যোগের মতো বাড়ছে ভূমিধসের পরিমাণ। শুধু তা-ই নয়, প্রতিবছর চার শতাংশ হারে ভূমিধস বাড়ছে। অতিরিক্ত বৃষ্টির সঙ্গে ভূমিধসে পার্বত্যাঞ্চলে মানুষের অপরিকল্পিত বসবাসের কারণে মৃত্যুহারও বাড়ছে।২০২৪ সালে সারাদেশে ভূমিধসে ৩০ জনের প্রাণহানি হয়েছে এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলেই মারা গেছেন ২০ জন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে সেভ দ্য চিলড্রেনের আয়োজনে ‘চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ভূমিধস মোকাবিলায় অগ্রবর্তী পদক্ষেপ’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় এ সংক্রান্ত প্রটোকল তৈরি, ঝুঁকিপূর্ণ এলাকায় উন্নত পূর্বাভাস ব্যবস্থা স্থাপন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় ভূমিধস নিয়ে প্রতিবেদন উপস্থাপনা করেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্পের ব্যবস্থাপক ফাতিমা মেহেরুন্নেসা ও রাইমসের জলবায়ু বিশেষজ্ঞ আসিফ বিন আনোয়ার।

মেহেরুন্নেসা বলেন, এ প্রকল্পের লক্ষ্য চট্টগ্রাম ও বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার মতো বহুমুখী ঝুঁকির জন্য আগাম প্রস্তুতি নিশ্চিত করা। প্রকল্পের আওতায় লামা ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাঁশখালীর ৪০ হাজার ৫৪০ জন উপকারভোগীর জীবনমান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপস্থাপনায় বলা হয়— বাংলাদেশে ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমিধসের ঘটনাগুলোর রেকর্ড অনুযায়ী, দেশে গড়ে প্রতি বছর ১৯টি উল্লেখযোগ্য ভূমিধসের দুর্যোগ ঘটে, যা প্রতিবছর গড়ে ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ২০০৭ সালের ১১ জুনের একক বৃষ্টিপাতের ঘটনায় ১০০টি ভূমিধস ঘটে, যার ফলে ১২৭ থেকে ১৩৫ জন মানুষের মৃত্যু হয়।

২০২৪ সালের ১৮ ও ১৯ জুন ভারী মৌসুমি বৃষ্টিপাতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ৭৭৩টি ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত বছর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ২০১৭ সালে সারা দেশে ভূমিধসে ১৫৮ জন মানুষ মারা গেছেন।

কর্মশালায় বলা হয়, জলবায়ু পরিবর্তন ও পাহাড়ে অপরিকল্পিত বসবাস ভূমিধস বাড়ার বড় কারণ। অপরদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা, বিশেষ করে চট্টগ্রাম, সিলটি ক্লে লোম মাটি (৬৭ শতাংশ) দ্বারা গঠিত, যা পানি ধারণক্ষমতায় দুর্বল।

এতে আরও বলা হয়, ৬৫ শতাংশ মানুষ পার্বত্যাঞ্চলে খাস জমিতে বসবাস করেন। ৩৩ শতাংশ মানুষ দুই থেকে তিন বছরের মধ্যে একবার হলেও ভূমিধসের শিকার হয়েছেন। ২১ শতাংশ মানুষ ভূমিকম্প, ১৬ শতাংশ মানুষ ফ্ল্যাশ ফ্লাড ও ১৬ শতাংশ মানুষ ভূমিধস ও বন্যার একই সঙ্গে শিকার হয়েছেন।

এ সময় সেভ দ্য চিলড্রেনের হিউম্যানিটারিয়েন ডিরেক্টর মো. মোশতাক হোসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র দে সরকার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত