সিটি যখন ধুঁকছে, আতলেতিকোয় আলভারেজ তখন উড়ছেন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

জুলিয়ান আলভারেজের ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল অবাক করার মতো। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী দলের সাফল্য ফেলে মধ্যম সারির দলে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেউ কেউ বোকামি বলেছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে আলভারেজ প্রমাণ করেছেন, তার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল। ছয় মাসের মধ্যে আতলেতিকোর অন্যতম সেরা পারফর্মারে পরিণত হয়েছেন তিনি। আর আলভারেজের অভাব এখন তীব্রভাবে অনুভব করছে ম্যানচেস্টার সিটি।

আতলেতিকোতে যোগ দেওয়ার পর থেকেই আলভারেজ নিজের জায়গা পাকা করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৬ গোল ও ২ অ্যাসিস্ট করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। বিশেষত চ্যাম্পিয়নস লিগে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। সর্বশেষ মঙ্গলবার রাতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২–১ গোলের জয়ে আতলেতিকোর দুই গোলই এসেছে আলভারেজের পা থেকে।

এক গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দল হয়ে যাওয়া আতলেতিকোকে ম্যাচে ফিরিয়ে এনে দুর্দান্ত জয় উপহার দেন আলভারেজ। এই পারফরম্যান্স তাঁকে চ্যাম্পিয়নস লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও এনে দিয়েছে।

লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, 'আলভারেজ বিশ্বসেরাদের একজন। তার দলবদলের সিদ্ধান্ত ছিল অসাধারণ। সে প্রায় শূন্য থেকে আতলেতিকোকে ম্যাচে ফিরিয়েছে। খুব অল্প কয়েকজনই এ ধরনের কাজ করতে পারে।'

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ৫৪ ম্যাচ খেললেও আলভারেজের ভূমিকা ছিল সীমিত। আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনার ছায়ায় থেকে শুরুর একাদশে জায়গা পেতে বারবার ধুঁকতে হয়েছে তাকে। চ্যাম্পিয়নস লিগে মাত্র দুটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। তার ওপর, পেপ গার্দিওলার পরিকল্পনায় ডি ব্রুইনার বিকল্প হিসেবে তাকে খেলানো হলেও তিনি বড় ম্যাচে পার্থক্য গড়তে ব্যর্থ হন।

এমন অবস্থায় নিজের ক্যারিয়ারের কথা ভেবেই আলভারেজ দলবদলের সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা এখন স্পষ্ট।

আলভারেজের মতো একজন সৃষ্টিশীল ফরোয়ার্ড হারিয়ে সিটিতে আক্রমণভাগে সৃষ্টিশীলতার অভাব স্পষ্ট। বিশেষ করে আর্লিং হলান্ড ছন্দহীন থাকলে বা ইনজুরিতে পড়লে, সিটির বিকল্পের অভাব চোখে পড়েছে। এখন পর্যন্ত আলভারেজের শূন্যতা পূরণে কোনো নতুন খেলোয়াড় দলে আনতে পারেনি সিটি। ফলে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে ভুগতে হয়েছে দলকে।

আলভারেজের ফর্মের কারণে আতলেতিকোর সম্ভাবনাও নতুন করে জেগে উঠেছে। লা লিগায় তারা এখন দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগেও ৭ ম্যাচে ৫ জয় নিয়ে দলটি উজ্জ্বল।

আলভারেজের দুর্দান্ত ফর্ম আতলেতিকোকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। মৌসুমের বাকি সময়ে নিজের পারফরম্যান্স ধরে রেখে কি তিনি দলকে লা লিগা বা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারবেন? সময়ই তা বলে দেবে। তবে এক জিনিস নিশ্চিত—সিটি যে একজন দুর্দান্ত খেলোয়াড় হারিয়েছে, সেটি তারা ইতিমধ্যেই অনুভব করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত