জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৭ জন হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান, সালমান বিন শোয়াইব। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, ‘আমি দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশে পাঠাব। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেওয়া হবে ইনশাআল্লাহ।’


 
জাতীয় নাগরিক কমিটি আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সবসময় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আহতরা এ দেশের সেরা সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, এ পর্যন্ত ১৩ জনকে উন্নত চিকিৎসায় দেশের বাহিরে পাঠিয়েছে সরকার। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত