৪০ হাজার আফগানের যুক্তরাষ্ট্রে যাওয়া অনিশ্চয়তায়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিশেষ অভিবাসন ভিসায় ৪০ হাজারের বেশি আফগান নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়া এই আফগানরা এখন দেশের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিশোধের মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনজীবী ও এক কর্মকর্তা।

আফগানদের নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি সংগঠন ‘হ্যাশআফগানইভ্যাক’-এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, আটকা পড়া আফগানদের অধিকাংশই আফগানিস্তানে। আর বাকিরা পাকিস্তান, কাতার ও আলবেনিয়ায় আটকা পড়েছেন।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের আগে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর দীর্ঘ ২০ বছরের সন্ত্রাসবিরোধী যুদ্ধে বহু আফগান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন। সেই আফগানদেরই দেশত্যাগ ও পুনর্বাসনে কাজ করছেন প্রবীণ কিছু অভিজ্ঞ ব্যক্তি এবং পরামর্শদাতা গোষ্ঠীগুলোর জোট ‘হ্যাশআফগানইভ্যাক’।

ট্রাম্প গত সোমবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে যেসব নির্বাহী আদেশ সই করেছিলেন, তারই একটিতে বিশ্বে প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেন। বিদ্যমান সহায়তা কার্যক্রম স্থগিতের পাশাপাশি নতুন করে কোনো সহায়তা দেওয়া বন্ধের নির্দেশ দেন তিনি। ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিদ্যমান সব বৈদেশিক সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে। এ সময়ের মধ্যে এসব সহায়তা কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে এবং ট্রাম্পের আমেরিকা সর্বাগ্রে পররাষ্ট্রনীতির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে বাস করতে আগ্রহী আফগানদের বিশেষ অভিবাসন ভিসার (এসআইভি) আওতায় দেশটিতে আবাসন, স্কুল ও চাকরি সুবিধা নিশ্চিত করতে কাজ করা বিভিন্ন সংগঠনের তহবিলে অর্থায়নও আটকে গেছে এ সিদ্ধান্তে।

 ‘হ্যাশআফগানইভ্যাক’-এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসন ভিসার অনুমোদন পাওয়া আফগানদের ফ্লাইট স্থগিত করা উদ্দেশ্যমূলক বলে আমি মনে করি না। আমার ধারণা, এটি ভুলক্রমে হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত