ভারতের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে আগ্রাসনবিরোধী আন্দোলন নামে একটি সংগঠন।
আজ সোমবার দুপুরে আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে আগামী ৬ দিনের মধ্যে চুক্তি বাতিলের আলটিমেটাম জানিয়ে স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন আগ্রাসনবিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া, দপ্তর বিষয়ক সদস্য শাকিল আহমেদ, প্রচার ও বিষয়ক সদস্য তারেক আজিজসহ একটি প্রতিনিধি দল।
সদস্য সচিব আলামিন আটিয়া জানান, পতিত ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলো ভারতের সঙ্গে প্রভু-দাস নীতি অনুসরণ করেছে। জনগণের নিকট জবাবদিহিহীন সরকারের নির্বাচনগুলোতে সমর্থন পাওয়ার লক্ষ্যে ভারতের সঙ্গে শ খানেক অসম চুক্তি করেছিল। যার কারণে বাংলাদেশের জনগণ শিল্প-বাণিজ্য, সংস্কৃতি থেকে শুরু করে এমনকি সীমান্ত হত্যা ও নদীগুলোর পানি বণ্টনসহ সকল স্তরে উপনিবেশিক আরচণের শিকার হয়েছেন। আমরা আগ্রাসনবিরোধী আন্দোলন ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল করে প্রয়োজনে নতুন করে দুদেশের নীতি নির্ধারক বসে পুনরায় নতুন চুক্তি করতে হবে। যেখানে উভয় দেশের স্বার্থ থাকবে সমানে সমান। আগামী ৬ দিনের মধ্যে সরকার যদি এই উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
সংগঠনটির আহ্বায়ক ওয়ালী উল্ল্যাহ বলেন, বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসন মেনে নেবে না। ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন বলে আগ্রাসনবিরোধী আন্দোলন মনে করে।
গুচ্ছ ভর্তি বহালের দাবিতে ইউজিসির মূল ফটকে তালা