নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত শামীমকে (৩০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টার সময় বাধা দেওয়ায় গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আটক শামীম হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামের রুস্তম আলীর ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম একটি অটোরিকশা ছিনতাই করতে গেলে স্থানীয়রা ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে শামীম টোটারবাগ গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিলে স্থানীয় লোকজন আড়াইহাজার পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে সিএনজিযোগে নিয়ে আসার সময় টোটারবাগ মসজিদের সামনে পৌঁছালে শত শত জনতা উত্তেজিত হয়ে শামীমকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে গ্রামবাসী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, সহকারী উপ পরিদর্শোক (এএসআই) মামুন এবং আসামি শামীমসহ ৫ জন আহত হন। পরে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর করে। আহত অবস্থায় পুলিশ শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসী জানান, প্রতিদিনই কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে। পুলিশ আটক করে নিলে বিচার হবে না, চিন্তা করে তারা গনপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ আসামি নিয়ে আসে। ফলে বড় ধরণের কোনো সংঘর্ষ হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদের ৩ জন পুলিশ সামান্য আহত হন। আর আটক শামীমের বিরুদ্ধে হত্যাসহ ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছে।
এদিকে পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, আলাপ আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। কোনো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হবে না।
মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণে সময় বাড়ল
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান