রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় সাজিদ শেখ (১৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ‘রমজান পরিবহনের’ বাস আটকে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে রামপুরা বাজার এলকায় সড়ক অবরোধ করেন তারা। মালিবাগ-রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা ট্রাফিক বিভাগ দুপুর ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামপুরা ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার মো. আরিফ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে দিয়েছে। দুপুর ২টার পর থেকে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
এর আগে গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই সড়কে রমজান বাসের ধাক্কায় সাজিদ নিহত হন। তিনি একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করতেন।
দোকানমালিক আল আমিন জানান, তার দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হন। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় রমজান পরিবহনের কয়েকটি বাস আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। একই ঘটনার জেরে অভিযুক্তদের বিচারের দাবি ও ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণের দাবিতে আজ ফের সড়ক অবরোধ করে তারা।
সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক
ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, যানবাহনের দীর্ঘ যানজট
রানিং স্টাফদের কর্মবিরতি, একদিনে কমলাপুর রেলস্টেশনে কত ক্ষতি?