পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।
বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্য ৮ জন হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করে মন্ত্রণালয়। একইসঙ্গে শিবলী রুবাইয়াতসহ ৯ জনেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অভিযোগ রয়েছে, তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় পুঁজিবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এর আগে গত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতা সত্ত্বেও গত বছরের ২৮ মে তাকে ৪ বছরের মেয়াদে পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তার অতি আস্থাভাজন শিবলী রুবাইয়াত বিএসইসির চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন।
