জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কড়োগ্রাম এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে মধুপুর থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। 

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত