নরসিংদীতে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

নরসিংদীর রায়পুরায় কাজল মিয়া নামে এক ইউপি সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কাজল মিয়া অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

ইউপি মেম্বারের ওপর গুলির ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।

কী কারণে ইউপি মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা। 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি সদস্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত