বৈষম্যবিরোধীদের তোপের মুখে পঞ্চগড়ের সেই ৪ বিচারককে বদলি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

অবশেষে পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ ৪ বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বদলির এই আদেশ দিয়েছেন।

তাদেরকে সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। বিচারকরা হলেন- পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুহেনা সিদ্দিকী।

এর আগে গত ২৬ জানুয়ারি অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সমন্বয়কদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে পঞ্চগড় আদালত ঘেরাও করে এবং মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দীর্ঘ ছয় ঘণ্টা বিচারক কর্মকর্তা-কর্মচারী বিচারপ্রার্থী আইনজীবীসহ সাধারণ মানুষকে অবরুদ্ধ করে রাখে তারা। রাত ৮টায় জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে আদালত চত্বর ত্যাগ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে এসব বিচারককে বদলি করা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারির পর থেকে ওই ৪ বিচারক আর আদালতে বসেননি। তারা চারজনই ছুটিতে ছিলেন।

আদালতের ওই সূত্রটি আরও জানায়, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত