বিশ্ববিদ্যালয়ের দাবি

গুলশানে সড়ক অবরোধ করে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার রাজধানীর গুলশান-১ নম্বর সড়কের মোড় অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গুলশান-১ এর গোল চত্বরে অবস্থান নেন।

এ সময় অবরোধকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলোকে মোড়ের চারপাশের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। কিন্তু এই যৌক্তিক দাবিটি নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী ২ দিন ধরে অনশনে। আর কর্তৃপক্ষের সেই দিকে কোনো নজর নেই। কিছুক্ষণ আগেও ২ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সেজন্য আমরা এখন সড়ক অবরোধ করেছি।’

জনদুর্ভোগের জন্য সরকারকে দায়ী করে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি যদি মেনে নিত, তাহলে রাজপথে থাকতাম না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে —
১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত