এই দিনে

১ ফেব্রুয়ারি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

শহীদ বুদ্ধিজীবী, দার্শনিক ও শিক্ষাবিদ গোবিন্দ চন্দ্র দেবপুরকায়স্থ (জি সি দেব) ১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি সিলেট জেলার বিয়ানীবাজারের লাউতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে দর্শন বিষয়ে বিএ (সম্মান) এবং ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ ডিগ্রি লাভ করে অধ্যাপনায় নিযুক্ত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি ‘রিজন, ইনটুইশন অ্যান্ড রিয়ালিটি’ নামক অভিসন্দর্ভ রচনা করে ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগদান করেন। দেবের উল্লেখযোগ্য গ্রন্থ : ‘আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস’, ‘আইডিয়ালিজম : এ নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন’, ‘আমার জীবনদর্শন’, ‘অ্যাসপিরেশন অব দি কমন ম্যান’, ‘দি ফিলোসফি অব বিবেকানন্দ অ্যান্ড দি ফিউচার অব ম্যান’, ‘তত্ত্ববিদ্যাসার’, ‘বুদ্ধ : দি হিউম্যানিস্ট’। অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন প্রচারের জন্য চিরকুমার দেব তার সব সম্পত্তি ও অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পাকিস্তানি সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন এই বুদ্ধিজীবী। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নৃশংসভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে তার মরদেহ সমাহিত করা হয়। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘একুশে পদক’ দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত