দেশের মানুষের বর্তমান সময়ে পুষ্টিহীনতার পাশাপাশি স্থূলতা ও মুটিয়ে যাওয়াও সমস্যা বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদরা। শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী পুষ্টি সম্মেলনের উদ্বোধনী দিনে বিশেষজ্ঞরা এ কথা বলেন।
দেশে প্রথমবারের মতো এই পুষ্টি সম্মেলন শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন পুষ্টি সম্মেলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সম্মেলনের প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বি খান সম্মেলন আয়োজনের যথার্থতা তুলে ধরেন। তিনি বলেন, খাদ্য ও পুষ্টির বিভিন্ন দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি প্লাটফর্ম তৈরি করাই এ সম্মেলনের উদ্দেশ্য। যাতে পুষ্টির সঙ্গে জড়িত যেকোনো পর্যায়ের যে কেউ খাদ্য ও পুষ্টি সম্পর্কে ধারণা রাখেন।
উদ্বোধনী বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, আমাদের বর্তমান সময়ে পুষ্টিহীনতা যেমন সমস্যা, তেমনি স্থুলতা এবং মুটিয়ে যাওয়াও সমস্যা। অন্যদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যের মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাওয়া— এটা এখন আরও বড় সমস্যা। যথাযথ পুষ্টিজ্ঞান না থাকাই এর কারণ।
তিনি পুষ্টিবিদদের যথাযথ কর্তৃপক্ষের স্বীকৃতির কথাও বলেন। প্রয়োজনে এর জন্য আলাদা কাউন্সিল তৈরি করা এখন সময়ের দাবি বলে জানান।
সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা দিনব্যাপী সায়েন্টিফিক সেশনে অংশ নেন সেবা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন পুষ্টিবিদ, দেশি-বিদেশি খাদ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়ন ও গবেষণা সংস্থা, নিরাপদ খাদ্য উৎপাদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।
জনসাধারণের জন্য উন্মুক্ত সেশনে ছিল পুষ্টি সচেতনার বিষয়ে বিভিন্ন সেশন। পুষ্টি সম্পর্কে সাধারণ ভুলগুলো শোধরে নেওয়া ছাড়াও সাধারণ মানুষ জেনেছে পুষ্টি কীভাবে রোগকে প্রতিরোধ করতে পারে। সেশনে স্বাস্থ্যকর রান্নাসহ পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
সাফিনা রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব এম সাইফুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএনএফএস পরিচালক মো. সাইদুল আরেফিন, বারডেমের প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার মহুয়া, এলাইভ অ্যান্ড থ্রাইভের কান্ট্রি ম্যানেজার ডা. জেবা মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএনএফএস এর অধ্যাপক নাজমা শাহীন ও বিইউএইচএসের রেজিস্ট্রার অধ্যাপক জাহিদ হাসান।
