গাজীপুরের শ্রীপুরে দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের কাছ থেকে মুক্তিপণের ফোন পেয়েই এক অপহৃতের মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। পরে এমন খবরে বিনা মুক্তিপণে ছাড়া মেলে অপহরণের শিকার দু’জনের।
শনিবার (১ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
অপহরণের শিকার দুইজন হলেন— রাজশাহী সদরের রাজপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে মাহিন রহমান (২৩) ও অপরজন একই গ্রামের নবী হোসেনের ছেলে আহসান হাবীব (২৫)। তারা দুজন লোহাগাছ ফালু মার্কেট এলাকার এসকেবি স্টেইনলেস স্টিল মিলস কারখানায় চাকরি করেন।
জানা যায়, শুক্রবার রাতে কাজ থেকে ফেরার সময় অপহরণের শিকার হয় কারখানার দুই শ্রমিক। মায়ের মৃত্যুর খবরে আজ শনিবার সকালে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে অপহরণকারীরা তাদের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শনিবার দুপুরে কারখানার ব্যবস্থাপক আবদুল কাদের শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এতে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- লোহাগাছ গ্রামের এম সালামতের ছেলে কাদের মিয়া (২৭) ও একই গ্রামের তাজ উদ্দীনের ছেলে শাকিল আহাম্মেদ (৩০)। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
এসকেবি স্টেইনলেস স্টিল মিলস কারখানার ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, ডিউটি শেষে ভাড়া বাসায় ফেরার সময় তাদের দুজনকে জোর করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে আহসান হাবীবকে মারধর করে তার পরিবারের কাছে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোন পেয়ে অপহরণের শিকার আহসান হাবীবের মায়ের মৃত্যু হয়। এমন খবর শুনে অপহরণকারীরা শনিবার সকাল ১০টার দিকে মুক্তিপণের টাকা ছাড়াই ছেড়ে দেয়।
অপহরণে শিকার আহসান হাবীবের বড় ভাই আল আমীন বলেন, তার ছোট ভাইকে অপহরণ করা হয়েছে এমন খবর শুনতে পেয়ে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর রাতেই তার মায়ের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
